স্টাফ রিপোর্টার: বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ১৯ আগস্ট ২০২৫, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নতুনবাজার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে সম্মেলনটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সম্মেলনের সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জহিরুল ইসলাম মবিন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি জনাব মোঃ শরিফুল আলম।
উদ্বোধনী বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) জনাব আবু ওয়াহাব আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল।
সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা শেষে আহ্বায়ক কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের কথা থাকলেও তা ঘোষণা করা হয়নি। ফলে বর্তমান আহ্বায়ক জনাব জহিরুল ইসলাম মবিন আগের মতোই দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।
সম্মেলনে কিশোরগঞ্জ জেলা ও হোসেনপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।