সৈয়দ আতিক, গাজীপুর: তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় টঙ্গী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
টঙ্গী পশ্চিম থানাধীন কাঠালদিয়া এলাকায় অবস্থিত আলট্রা ওয়াশিং এণ্ড ডায়িং লিমিটেড কারখানার দেড় শতাধিক শ্রমিক মানববন্ধনে অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, তিন মাসের বেতন বকেয়া রেখেই কোনো প্রকার পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।
কারখানার শ্রমিক জাকির হোসেন বলেন, “কর্তৃপক্ষ বারবার সময় নিয়ে শুধু আশ্বাসই দিয়ে গেছে। কিন্তু আজ পর্যন্ত এক টাকাও পরিশোধ করেনি। কারখানা কবে খুলবে সে বিষয়েও তারা চুপ।”
এ অবস্থায় দেড় শতাধিক শ্রমিক ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
মানববন্ধন শেষে শ্রমিকরা কারখানার গেটে গিয়ে বিক্ষোভ করেন এবং দ্রুত বকেয়া পরিশোধ ও কারখানা চালুর সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।