• ঢাকা |

শিক্ষার্থীদের পড়াশোনায় নতুন সুযোগ, বেরোবিতে আধুনিক রিডিং রুম উদ্বোধন


নিউজ প্রকাশের তারিখ : ৯ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলে শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে নতুন ও আধুনিক রিডিং রুমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেলে হলের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে রিডিং রুমটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা যাতে সুস্থ ও সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে, সেটিই বিশ্ববিদ্যালয় প্রশাসনের মূল লক্ষ্য। হলের আবাসিক শিক্ষার্থীদের সুবিধার্থে আধুনিক রিডিং রুমের ব্যবস্থা করা হয়েছে। পড়াশোনার উপযোগী পরিবেশ শিক্ষার্থীদের জ্ঞানার্জনের প্রতি আরও আকৃষ্ট করে। এই পরিবেশ বজায় রাখার দায়িত্ব শিক্ষার্থীদেরও নিতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও রিডিং রুমের মাধ্যমে শিক্ষার্থীরা যাতে মেধা বিকাশের পূর্ণ সুযোগ পায়, সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজনীয় বই ও গবেষণার সুযোগ বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. কামরুজ্জামান, সহকারী প্রভোস্টবৃন্দ, হলের আবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।