ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে শিশু-কিশোরদের বিনোদন মেলার নামে অনুমোদনহীন টিকিট বাণিজ্যের অভিযোগ উঠেছে।
বিষয়টি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ফুলপুর পৌরসভার সাহাপুর বাজার সংলগ্ন ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের পাশে উপজেলা প্রশাসনের কোনো প্রকার অনুমোদন ছাড়াই একটি প্রভাবশালী সিন্ডিকেট প্রতিদিন মেলা থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে। এ ছাড়া মেলায় নিরাপত্তার চরম অভাব ও জেনারেটর ব্যবস্থা না থাকায় একটি রাইড দুর্ঘটনায় ৫ শিশু আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর থেকে সাহাপুর বাজার সংলগ্ন স্থানে শিশু-কিশোরদের এই বিনোদন মেলাটি শুরু হয়। প্রতিদিন বিকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত মেলা চলে। মেলায় বিভিন্ন রাইডে চড়ার জন্য চড়া মূল্যে টিকিট বিক্রি করছে আয়োজক চক্রটি। প্রতিটি রাইডে মাত্র ৫ মিনিট ভ্রমণের জন্য জনপ্রতি ৩০ টাকা করে আদায় করা হচ্ছে। প্রতিদিন শত শত শিশু-কিশোর ও অভিভাবক এতে অংশ নেওয়ায় মেলা থেকে প্রতিদিন মোটা অঙ্কের টাকা পকেটে ভরছে আয়োজক সিন্ডিকেট। মেলায় আসা একাধিক অভিভাবক জানান, প্রতিটি রাইডের ফি অতিরিক্ত এবং সময় অত্যন্ত কম। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশুদের আনন্দের কথা চিন্তা করে নিয়ে এলেও এখানে চরম বাধ্যবাধকতা ও টিকেটের নামে পকেট কাটা হচ্ছে। এদিকে মেলার নিরাপত্তাব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। গত দুদিন আগে বিদ্যুৎচালিত একটি ঘূর্ণায়মান রাইডে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে বিকল্প জেনারেটর ব্যবস্থা না থাকায় রাইডটি থমকে দাঁড়ায়। এ সময় ওপর থেকে নিচে পড়ে গিয়ে অন্তত ৫ জন শিশু আহত হয়। অভিযোগ রয়েছে, দুর্ঘটনাকবলিত শিশুদের বিষয়টি জানাজানি হওয়ার আগেই স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মধ্যস্থতায় তড়িঘড়ি করে ধামাচাপা দেওয়া হয়। বিপদজনকভাবে মহাসড়কের একদম পাশে ঝুঁকি নিয়ে কোনো রকম নিরাপত্তা ছাড়া মেলা চলায় যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন এলাকাবাসী। অনতিবিলম্বে টিকিট বাণিজ্যের অনুমোদন খতিয়ে দেখে মেলা বন্ধের পাশাপাশি শিশু নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, আয়োজকরা তাদের নিজস্ব জমিতে মেলা দিয়েছেন এবং বিষয়টি থানা পুলিশকে অবগত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা বলেন, মেলা আয়োজনের ব্যাপারে উপজেলা প্রশাসন থেকে কোন প্রকার অনুমতি দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।