• ঢাকা |

কালিয়ার নড়াগাতিতে যৌথ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১


নিউজ প্রকাশের তারিখ : ২০ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া  উপজেলার নড়াগাতী থানার খাসিয়াল ইউনিয়নে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় অবৈধ অস্ত্র মজুদের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি রাকিবুল হাসান (৩৪), পিতা মো. হাসান মীর। তার বাড়ি নড়াগাতি থানার খাসিয়াল ইউনিয়নের টুনা গ্রামে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ০৪টা থেকে সকাল ০৮টা পর্যন্ত রাকিবুল হাসানের বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বসতঘর থেকে বিপজ্জনক দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—
ওয়ান শুটার বন্দুকের ২ রাউন্ড এ্যামুনিশন, ১০টি চাপাতি, ৪টি বড় ছোরা, ২টি রামদা, ৩টি চাকু, ৫টি ফলা, ৪টি টেটা, ৪টি ঢাল, ২টি হাসুয়া, ১টি গাছিদা, ১টি চাইনিজ কোরাল এবং ১টি এক্সপ্যান্ডেবল মেটাল স্টিক।
উদ্ধারকৃত অস্ত্রের সংখ্যা ও ধরন বিবেচনায় এলাকায় সহিংস অপরাধের প্রস্তুতির আশঙ্কা ছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামতসমূহ সকাল ০৮টা ৩০ মিনিটে নড়াগাতি থানার দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর আজিজ এর কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, “গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”