নুরউদ্দিন জাবেদ,লক্ষ্মীপুর: ঢাকা মহানগর (উত্তর) জামায়াতের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দুই দিন পরেই জুলাই সনদের আইনের ভিত্তির স্বাক্ষরে সব দলের অংশগ্রহণের কথা ছিলো, কিন্তু সেই স্বাক্ষর অনুষ্ঠান আবার কেন পেছানো হলো এটি আজকে বড় একটি প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। সরকারের দু'একজন উপদেষ্টা বিশেষ দলের প্রতি পক্ষপাতমূলক আচরন করছেন, আমরা আজ তাদের নাম নিতে চাই না। সেই উপদেষ্টারা যদি পক্ষপাতিত্ব না ছাড়েন, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা যদি বাঁধা হয়ে দাঁড়ান তাহলে তাদের বিরুদ্ধে আমরা দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।
রবিবার (১২অক্টোবর) সকালে লক্ষ্মীপুরে জামায়াতের গণমিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরআগে পিআর সহ ৫দফা দাবিতে লক্ষ্মীপুর জেলা জামায়াতের উদ্যোগে প্রেসক্লাবের সামনে থেকে গণমিছিল শুরু হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদান করা হয়।
রেজাউল করিম আরো বলেন, শহীদের রক্তের উপরে যে সরকার প্রতিষ্ঠিত, ড. ইউনুস সাহেবের সরকার, সে সরকার যদি জনগনের ইচ্ছা বাধ দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের সেই পরিবেশ সৃষ্টি বাদ দিয়ে, কাউকে ক্ষমতায় বসানোর জন্য যদি প্রচেষ্টা চালায়, জুলাই সনদকে আইনী ভিত্তি দিতে ব্যর্থ হন এবং গণভোটকে যদি জুলাই সনদের অন্তর্ভুক্ত করা না হয় তাহলে আমরা নতুন করে দুর্বার গণআন্দোলন গড়ে তুলবো।
এসময় জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর এড. নজির আহমেদ, সেক্রেটারী এআর হাফিজ উল্লাহ, সাবেক সেক্রেটারী ফারুক হোসেন নুরুন্নবী, লক্ষ্মীপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নাজমুল হাসান, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন, এড. মহসিন কবির মুরাদ, শহর জামায়াতের আমির এড. আবুল ফারাহ্ নিশান, সেক্রেটারী হারুনুর রশিদ প্রমুখ।