ডিআরইউ-ল্যাবএইড-ওয়ালটন টুর্নামেন্টে জমজমাট লড়াই, মাঠে সাংবাদিকদের উৎসবমুখর উপস্থিতি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং ল্যাবএইড ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ‘ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬’-এর দ্বিতীয় দিনের খেলায় জয় পেয়েছে ১০টি দল। মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত দিনের খেলায় জয় পাওয়া দলগুলো হলো—আমাদের সময়, কালের কণ্ঠ, কালবেলা, বাংলা ভিশন, বাংলাদেশ প্রতিদিন, ইনকিলাব, আগামীর সময়, চ্যানেল ২৪, নয়াদিগন্ত ও ডেইলি অবজারভার।
দিনের খেলায় এশিয়ান টেলিভিশন মাঠে উপস্থিত না হওয়ায় ডেইলি অবজারভার ওয়াকওভার পেয়ে জয় লাভ করে। অন্যদিকে, বাকি দলগুলো মাঠের লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে পরবর্তী পর্বে এগিয়ে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বিজয়ী দল ও ম্যাচসেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ডিআরইউর ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাবএইড ক্যান্সার হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. সামবিত কুমার দাস, চিফ বিজনেস অফিসার মাসুদ আহমেদ এবং ওয়ালটনের সিনিয়র অ্যাডিশনাল নির্বাহী পরিচালক রবিউল ইসলাম মিলটন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, সিনিয়র সদস্য সৈয়দ আখতার সিরাজী এবং কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি ও সুমন চৌধুরী।
সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে খেলাধুলা ও পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যে ডিআরইউ নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজন করে আসছে। মিডিয়া কাপ ক্রিকেট সাংবাদিকদের মধ্যে দলীয় সংহতি, সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক এবং সুস্থ বিনোদনের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে উঠেছে।
দ্বিতীয় দিনের খেলায় ১০ দলের জয় টুর্নামেন্টে নতুন প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি করেছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি সহকর্মীদের উৎসাহ-উদ্দীপনা ও অংশগ্রহণে এবারের আয়োজনও পরিণত হয়েছে সাংবাদিকদের মিলনমেলায়।