• ঢাকা |

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ


নিউজ প্রকাশের তারিখ : ১ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

কর্তৃপক্ষের চরম অবহেলা, রোগী ও স্বজনদের ক্ষোভ

নুরউদ্দিন জাবেদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অবহেলা ও অনিয়মের অভিযোগ উঠেছে। জীবন রক্ষাকারী ওষুধের বদলে ভর্তিকৃত রোগীদের শরীরে পুশ করা হয়েছে মেয়াদোত্তীর্ণ স্যালাইন। এতে তাৎক্ষণিকভাবে কয়েকজন রোগী শারীরিক প্রতিক্রিয়ার শিকার হন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতালের কয়েকজন রোগীকে চিকিৎসা দেয়ার সময় কর্তব্যরত নার্স তিন মাস আগে মেয়াদোত্তীর্ণ হওয়া স্যালাইন ব্যবহার করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মরিয়ম নামের মধ্যবয়সী এক নারী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শিশুসহ আরও কয়েকজন নারীও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

এ সময় রোগীর স্বজনরা গণমাধ্যম কর্মীদের খবর দিলে তারা হাসপাতালে গিয়ে প্রায় ৩০টির মতো মেয়াদোত্তীর্ণ স্যালাইন মজুদ দেখতে পান।

এ বিষয়ে কর্তব্যরত নার্স দায় এড়িয়ে জানান, বিষয়টি তার অজানা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন, অসুস্থ রোগীদের তিনি নিজে গিয়ে পর্যবেক্ষণ করেছেন। আপাতত তাদের অবস্থা স্বাভাবিক থাকলেও রক্তের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে। রিপোর্ট হাতে এলে বিষয়টি পরিষ্কার হবে। মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদের ব্যাপারেও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে যদি জীবন রক্ষাকারী ওষুধই মৃত্যুঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়, তবে তাদের ভরসার জায়গা কোথায়? তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।