ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: সাংবাদিক শাওন আমিন ও তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের কথিত সমন্বয়ক মিজানুর রহমান মিজান এর বিরুদ্ধে। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকালে দৈনিক ভোরের ডাক পত্রিকার সাংবাদিক আজিজুল সরকার বাদী হয়ে থানায় একটি জিডিটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান।
জিডিতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি মিজান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাংবাদিক শাওন আমিন এবং তার মৃত পিতা-মাতা, স্ত্রী ও কন্যাকে নিয়ে অশ্লীল, কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন মন্তব্য প্রকাশ করেন। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও নিন্দা সৃষ্টি হয়েছে।
সাংবাদিক আজিজুল সরকার বলেন, সাংবাদিক শাওন আমিন একজন জনপ্রিয় ও প্রতিষ্ঠিত ব্যক্তি। হঠাৎ তার ও তার পরিবারের বিরুদ্ধে কাউকে উদ্দেশ্য করে এ ধরনের মিথ্যা অপপ্রচার অত্যন্ত নিন্দনীয়। এতে তার পরিবারের মানসম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এজন্য আমি ব্যক্তিগতভাবে থানায় বিচার চেয়ে জিডি করেছি। বিশ্বাস করি, আইনশৃঙ্খলা বাহিনী সঠিক তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে।
এর প্রতিক্রিয়া জানিয়ে সাংবাদিক শাওন আমিন বলেন, মিজান সমন্বয়ক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় অসহায় মানুষদের জিম্মি করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। এ নিয়ে সংবাদ করায় প্রতিশোধ নিতে সে আমার ও আমার পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। আমি আশা করি, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত এর সুরাহা করবে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে ব্যক্তি ও পরিবারের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর কনটেন্ট ছড়ানোর ঘটনাকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখছে প্রশাসন।