• ঢাকা |

সমাবর্তন ও ব্রাকসু নির্বাচন সামনে রেখে বেরোবির শীতকালীন ছুটি পুনঃনির্ধারণ


নিউজ প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মো: আল-আমিন, বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথম সমাবর্তন ও ব্রাকসুর ইতিহাসে প্রথম নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি ২০২৬ এবং কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদসমূহের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর ২০২৫। দুটি গুরুত্বপূর্ণ আয়োজন  সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে এই সংশোধন আনা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর ২০২৫) প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৫তম একাডেমিক কাউন্সিল সভায় শীতকালীন ছুটি পুনঃনির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে উপাচার্য প্রেস ব্রিফিংয়ে বলেন, পূর্বঘোষিত ছুটির সূচি পরিবর্তন হলেও এতে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না; বরং সমাবর্তন ও নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যেই এ সিদ্ধান্ত।

উপাচার্য জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে ডিসেম্বরে যে সময় সাধারণত অনেক বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকে—বেরোবিতে এবার পূর্ণদমে ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম চলমান থাকবে। তিনি আরও জানান, শীতকালীন ছুটি চলাকালে ২০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমও বন্ধ থাকবে।

প্রেস ব্রিফিংয়ে প্রথম সমাবর্তন সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য জানান উপাচার্য। তিনি বলেন, সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তনের বক্তা (কনভোকেশন স্পিকার) হিসেবে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের একজন স্বনামধন্য ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। সমাবর্তনকে কেন্দ্র করে ক্যাম্পাস সাজানো, নিরাপত্তা জোরদার এবং অনুষ্ঠান সফল করার জন্য বিশেষ কমিটিও গঠন করা হচ্ছে বলে নিশ্চিত করেন তিনি।

ব্রিফিংয়ে ব্রাকসু নির্বাচন প্রসঙ্গে উপাচার্য বলেন, “ব্রাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা। নির্বাচন যেন স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়—সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।