• ঢাকা |

কক্সবাজার আদালতে মায়ানমারের আরসা প্রধান জুনুনি'র ৩ দিনের রিমান্ড মঞ্জুর


নিউজ প্রকাশের তারিখ : ৯ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

এন আলম আজাদ, কক্সবাজার : কক্সবাজার আদালতে মায়ানমার রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) ১ টার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জনাব আসাফ উদ্দিন আসিফ এই আদেশ দেন।রোহিঙ্গা ক্যাম্পে চার  খুনের একটি মামলায় জুনুনির উপস্থিততে শুনানী শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের পুলিশ পরিদর্শক মো. গোলাম জিলানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ২০২০ সালের রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর ফোর-মার্ডারের মামলায় এজাহারভুক্ত আসামী আরসা প্রধান আতাউল্লাহ জুনুনি। মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে সকালে কঠোর নিরাপত্তায় আরসা প্রধান জুনুনি কে আনা হয় আদালত প্রাঙ্গণে। আদালতে আদেশ শেষে তাকে আবারও কক্সবাজার জেলা  কারাগারে নিয়ে যাওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সুবিধা জনক সময়ে কারাগার থেকে রিমান্ডে নিয়ে যাবেন বলে জানা যায়। 

 

আদালতের প্রাপ্ত তথ্য মতে, ২০২০ সালের ৬ অক্টোবর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দু'পক্ষের সংর্ঘষে ৪ জনের মৃত্যু হয়েছিল। ওই মামলার এজাহারভুক্ত আসামী আতাউল্লাহ জুনুনি। মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন রয়েছে।উল্লেখ্য চলতি বছরের ১৮ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি সহ ছয়জনকে গ্রেপ্তার করে র‌্যাব।