নোয়াখালী প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দ্বীপ উন্নয়ন সংস্থা’র RAISE (Reducing Annual Income and Skill Enhancement) প্রকল্পের উদ্যোগে নোয়াখালীতে দিনব্যাপী চাকরি মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার মাইজদী নোয়াখালী গেস্ট হাউজে আয়োজিত এ জব ফেয়ারের আয়োজন করা হয় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের আর্থিক ও কারিগরি সহযোগিতায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর আহম্মদ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বীপ উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী মো. আহছানুল করিম সোহেল। সভাপতিত্ব করেন সংস্থার ঋণ সমন্বয়কারী মো. তামজিদ উদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষণ ও প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
মেলায় ওয়ালটন গ্রুপ, হিরো হোন্ডা, সিঙ্গার, গ্লোবসফট ড্রিংকস, সিলভা ফার্মাসিউটিক্যালস, প্রাইম হাসপাতাল, বেস্ট ইলেকট্রনিক্সসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন স্বনামধন্য নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো চাকরিপ্রার্থীদের কাছ থেকে সিভি গ্রহণ, তাৎক্ষণিক সাক্ষাৎকার গ্রহণ এবং সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি করে দেয়।
প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ২০০ জন তরুণ-তরুণী এ মেলায় অংশ নেন এবং তাদের জন্য কর্মসংস্থানের বিভিন্ন সুযোগ উন্মুক্ত হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অনানুষ্ঠানিক খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে দ্বীপ উন্নয়ন সংস্থার এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি বলেন, বর্তমান সময়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দক্ষতা ও কারিগরি প্রশিক্ষণ কর্মজীবনে সফলতার অন্যতম ভিত্তি। এ ধরনের কর্মমুখী প্রশিক্ষণ তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজক ও অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের চাকরি মেলা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং কর্মসংস্থানের সঙ্গে কার্যকর সেতুবন্ধন তৈরি করবে।