ঢাবি সংবাদদাতা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হেয় প্রতিপন্ন করে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসানের কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে ২৮ জানুয়ারী ২০২৬, বুধবার সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কার্জোনিয়ান প্ল্যাটফর্মের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা জামায়াত নেতার নারীবিদ্বেষী বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে ডাকসুর পক্ষ থেকে এই ঘৃণ্য বক্তব্যের কোন প্রতিবাদ না করার জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।
সমাবেশে প্রফেসর ডঃ ফেরদৌসি বেগম (রিনা), রফিকুল ইসলাম জুয়েল, আহমদ কামরুল মিল্লাত কবীর, কাজী নাসরিন সিদ্দিকা, মামুন মোরশেদ রাজু, ডঃ আরিফ, জহির দিদার, ওয়ালিউল্লাহ বাবুসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সমাবেশ থেকে সামাজিক ভাবে এই ধরণের ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দলকে প্রতিহত করার আহ্বান জানানো হয়।