• ঢাকা |

গণমাধ্যম শক্তিশালী হলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে—বিরোধীদলীয় নেতা


নিউজ প্রকাশের তারিখ : ১৪ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

এম এম রহমাতুল্লাহ

রাষ্ট্রের সাংবিধানিক তিন অঙ্গকে সঠিক পথে রাখতে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ঠিকভাবে কাজ করলে অন্য তিনটি স্তম্ভও সোজা পথে চলতে বাধ্য হবে।
শনিবার (১৪ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীরে জামায়াত বলেন, “গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। এই স্তম্ভ শক্ত থাকলে রাষ্ট্রের অন্য তিন স্তম্ভ—বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইনসভা—সঠিকভাবে পরিচালিত হতে বাধ্য হয়। কিন্তু চতুর্থ স্তম্ভ দুর্বল হলে বাকি তিনটিও ভঙ্গুর হয়ে পড়ে।”
তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনামলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকারী সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়েছিল এবং সেই প্রভাব এখনো কিছু ক্ষেত্রে রয়ে গেছে। তিনি বলেন, “আমরা ফ্যাসিবাদ থেকে আংশিক নয়, পূর্ণ মুক্তি চাই—যে আমলেই হোক, যখনই হোক। ফ্যাসিবাদ কখনো জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারেনি।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা জাতির বিবেক। বিবেকের নির্দেশনা অনুযায়ী সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখতে হবে। জন্ম যেমন একবার, মৃত্যু তেমনি একবার—তাই আপসের পথে নয়, বীরের মতো চলতে হবে।”
তিনি আরও বলেন, বিরোধীদলে থেকেও জামায়াতে ইসলামী সাংবাদিকদের কণ্ঠরক্ষার দায়িত্ব পালন করবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারি দলের ওপর রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো আপস করবে না। “সরকার যদি জাতীয় ইস্যুতে দৃঢ় থাকে, আমরা তাদের পাশে থাকব। আর যদি বিচ্যুত হয়, তাহলে তাদের সঠিক পথে আনার চেষ্টা করব—না হলে প্রতিরোধ গড়ে তুলব,” যোগ করেন তিনি।
ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, রমজান মাসে কুরআন নাজিল হয়েছে এবং এই মাসেই কুরআনের বিজয় হয়েছে। রমজানের শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে একটি আলোকিত সমাজ ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি দেশ ছেড়ে গেলেও তাদের চক্রান্ত থেমে নেই। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বন্ধ করতে হবে এবং এ ক্ষেত্রে সাংবাদিক সমাজকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ভূমিকা রাখতে হবে।
ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ প্রমুখ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলেও শান্তি ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে জামায়াতে ইসলামী নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে। তিনি বলেন, জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা এবং গণভোটে জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেছেন।
তিনি সরকারের সংসদ সদস্যদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া উচিত।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি’র পরিচালনায় ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে ড. আব্দুল মান্নান ও মুহাম্মদ শামছুর রহমান, দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আজম মীর শাহিদুল আহসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম. আব্দুল্লাহ্ ও এলাহী নেওয়াজ খান সাজু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমেদ ও বাকের হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, দ্য নিউ নেশন পত্রিকার সম্পাদক মোকাররম হোসেন, বাংলা নিউজ ডট কম এর সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, ঢাকা মেইল এর নির্বাহী সম্পাদক হারুন জামিল, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক এবং সেক্রেটারি জাওহার ইকবাল, এটিএন নিউজের সিএনই মাসুদুল হক, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, দৈনিক ইনকিলাব পত্রিকার নির্বাহী সম্পাদক ফাহিমা বাহাউদ্দীন, সাপ্তাহিক সোনার বাংলার বার্তা সম্পাদক ফেরদৌস আহমেদ ভূঁইয়া, দৈনিক গণজাগরণ পত্রিকার যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আবু হানিফসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, গণমাধ্যমকর্মী, মিডিয়া ব্যক্তিত্ব, কলামিস্ট ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।