দীপক সূত্রধর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে ভ্যাকসিন রেজিস্ট্রেশন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে এক এডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এই মিটিং অনুষ্ঠিত হয়।
সভায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (WHO) প্রতিনিধি ডা. ইশিতা ফারহা টাইফয়েড ভ্যাকসিনের উপকারিতা ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
প্রেজেন্টেশনে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হন এবং মারা যান প্রায় এক লাখ ১০ হাজার মানুষ। দ্য গ্লোবাল বার্ডেন অব ডিজিজের ২০২১ সালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে ওই বছর প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হন এবং মারা যান প্রায় ৮ হাজার মানুষ, যাদের মধ্যে ৬৮ শতাংশই শিশু।
এ কারণে সরকার ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী (প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত) সব শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিয়েছে। আগামী ১২ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশের সব বিদ্যালয়ে এবং ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে (ইপিআই কেন্দ্র) এই ভ্যাকসিন প্রদান করা হবে। বিদ্যালয় পর্যায়ের টিকাদান শেষে কেন্দ্রভিত্তিক টিকাদানের সময় মাইকিং করে জানানো হবে।
ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে সতর্কতা হিসেবে জানানো হয়— ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর থাকলে, পূর্বে টিকা নেওয়ার পর এলার্জি প্রতিক্রিয়া দেখা দিলে, টিকা নেওয়ার দিন অসুস্থ থাকলে বা গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েরা এই টিকা নিতে পারবেন না।
টিকা নেওয়ার জন্য শিক্ষার্থী ও শিশুদের www.vaxepi.gov.bd ওয়েবসাইটে জন্ম নিবন্ধন সনদের নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে। পরে ওয়েবসাইট থেকে টিকাদান কার্ড ডাউনলোড করে নির্ধারিত দিনে সঙ্গে আনতে হবে। যাদের জন্ম নিবন্ধন নেই বা বয়স ১৫ বছরের বেশি হলেও অষ্টম–নবম শ্রেণির শিক্ষার্থী, তারা সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীর মাধ্যমে হাতে পূরণকৃত ফরম ব্যবহার করে টিকা নিতে পারবেন।
এ সময় বক্তারা সবাইকে টাইফয়েড ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান এবং গুজব বা অপপ্রচারে কান না দেওয়ার পরামর্শ দেন।
সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. এ. কে. এম. মোফাখখারুল ইসলাম, পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল্লাহ, জেলা শিক্ষা অফিসার মো. আমীর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার গোকুল চন্দ্র দেবনাথ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া আখতার, জেলা তথ্য অফিসার নূর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, এবং জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দি ভ্যাকসিন এলায়েন্স (Gavi), ইউনিসেফ প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।