জাকির ফরাজীঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, “অন্যায় হবে যেখানে, প্রতিরোধ হবে সেখানে; শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে।” মুদ্রাস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের জীবনযাত্রার মান বজায় রাখতে উপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ এবং শ্রমিক ছাঁটাই বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টায় পিরোজপুর শহরের করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখা আয়োজিত ‘দায়িত্বশীল সমাবেশ-২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান বলেন, দেশের শ্রমিকরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। মুদ্রাস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে তাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে তেল ও গ্যাসের দাম বৃদ্ধির প্রভাবও শ্রমিকদের ওপর পড়ছে।
তিনি বলেন, বিভিন্ন মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়ছেন। গত সাত মাসে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়েছেন দাবি করে তিনি বলেন, শ্রমিক ছাঁটাই মেনে নেওয়া হবে না। শ্রমিকদের কর্মসংস্থান ও অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
জুলাই আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণের প্রসঙ্গ তুলে ধরে আতিকুর রহমান দাবি করেন, ওই আন্দোলনে প্রায় ৩০০ শ্রমিক শাহাদাতবরণ করেছেন। দেশের বিভিন্ন সংকট ও আন্দোলন-সংগ্রামে শ্রমিকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, যারা দেশের কঠিন সময়ে সামনে থেকে অংশ নিয়েছেন, তাদের মানবেতর জীবনযাপন মেনে নেওয়া যায় না।
কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারণে যেন কোনো শ্রমিককে কর্মক্ষেত্রে প্রাণ দিতে না হয়, তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। শ্রমিক নির্যাতন বন্ধের পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাও জরুরি।
আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিভিন্ন দেশে শ্রমিকদের আন্দোলন ও ট্রেড ইউনিয়নভিত্তিক রাজনীতির মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হলেও সব ক্ষেত্রে শ্রমিকদের প্রত্যাশিত ভাগ্যোন্নয়ন হয়নি। বর্তমান ব্যবস্থায় শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
ইসলামী শ্রমনীতির কথা উল্লেখ করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বলেন, এ ব্যবস্থায় মালিক ও শ্রমিক উভয়কেই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তার দাবি, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের প্রকৃত মুক্তি সম্ভব।
দেশের পোশাকশিল্পের শ্রমিকদের জীবনমান নিয়েও কথা বলেন আতিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৪০ লাখ পোশাক শ্রমিক থাকলেও তাদের জীবনমানের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। বিপরীতে অনেক মালিকের ব্যবসা সম্প্রসারিত হচ্ছে। শ্রমিকরা কর্মক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন এবং তাদের সন্তানদের উচ্চশিক্ষার সুযোগও সীমিত।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি হারুনুর রশিদ, অঞ্চল সহকারী আব্দুর রব, পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মো. জহিরুল হক ও আব্দুর রাজ্জাক শেখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার সভাপতি খন্দকার ছিদ্দিকুল ইসলাম। সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ জামাল।