ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ৪ এপ্রিল (শনিবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই শোক ও দুঃখ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “আজ দুপুর ১টার দিকে কারখানায় আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত তিনজন নারীসহ পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া আরও কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের আশু আরোগ্য কামনা করছি।”
নেতৃবৃন্দ অভিযোগ করেন, “যত্রতত্র অবৈধ ও ঝুঁকিপূর্ণ কারখানা গড়ে ওঠায় এমন প্রাণহানি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলা ও যথাযথ তদারকির অভাবেই বারবার শ্রমজীবী মানুষকে এমন করুণ পরিণতির শিকার হতে হচ্ছে। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে না পারা বড় ধরনের প্রশাসনিক ব্যর্থতা।”
বিবৃতিতে তারা আরও বলেন, “আমরা অবিলম্বে এই অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।” একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান নেতৃবৃন্দ।
পরিশেষে নেতৃবৃন্দ বলেন, “ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সকল অবৈধ ও ঝুঁকিপূর্ণ কারখানার বিরুদ্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিল্পকারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মালিকপক্ষ ও প্রশাসনকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।”