• ঢাকা |

ময়মনসিংহ নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্বার


নিউজ প্রকাশের তারিখ : ২ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

রায়হান আহমেদ, ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর গোহাইলকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় ধস্তাধস্তিতে এক পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, ১ অক্টোবর ২০২৬  সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ময়মনসিংহ কোতোয়ালি থানাধীন গোহাইলকান্দি প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) অফিস সংলগ্ন নির্জন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।  ময়মনসিংহের পুলিশ সুপারকামরুল হাসানের  নির্দেশনায় ২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সেলিম মিয়ার নেতৃত্বে এসআই কাইয়ূম, এএসআই আজহারুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সজিব মিয়া (২০), আকাশ (২২), ইমন আহমেদ আবির (৩০), মোফাজ্জল (৩৫), জাহাঙ্গীর (৪০) এবং শাহেদ (২১) নামে ৬ জনকে আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, দুটি চাকু এবং একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো।এ ঘটনায় এসআই কাইয়ূম বাদী হয়ে বাংলাদেশ দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করেছেন। 

 

বিষয়টি নিশ্চিত করে ২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সেলিম মিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়েছে এবং আটককৃতদের থানায় প্রেরণ করা হয়েছে। আটককৃত সবাই পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্য।"