• ঢাকা |

আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের প্রত্যয়ে আব্দুল হান্নান ফরহাদ


নিউজ প্রকাশের তারিখ : ২ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তরজয়পুর গ্রামের এক সাধারণ পরিবারে বেড়ে ওঠা এক তরুণ আজ ছাত্ররাজনীতির কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করছেন। তৃণমূল থেকে শুরু করে ধারাবাহিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা এবং রাজনৈতিক অঙ্গনে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি নিজের অবস্থান গড়ে তুলেছেন।

লক্ষ্মীপুর সদর উপজেলার ৯ নম্বর উত্তরজয়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তরজয়পুর গ্রামের এই তরুণের শিক্ষাজীবন শুরু মধ্যজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে পালপাড়া ডি.এম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কফিল উদ্দিন ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন।

উচ্চশিক্ষায় তিনি সরকারি তিতুমীর কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি মেট্রোপলিস আইডিয়াল ল’কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন। পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে পিনাকী অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মে সিএ (সিসি) প্রশিক্ষণ গ্রহণ করেন। বর্তমানে তিনি দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর অধীনে সিএ প্রফেশনাল লেভেলে অধ্যয়নরত রয়েছেন।

তার রাজনৈতিক জীবনের সূচনা গ্রাম থেকেই। ২০০৬ সালে ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হন। পরবর্তীতে ২০০৮ সালে একই ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন।

বর্তমানে তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে তার এই পথচলা অনেকের কাছে অনুপ্রেরণার উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

রাজনীতিকে তিনি জনগণের সেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার একটি কার্যকর মাধ্যম হিসেবে দেখেন। তার ভাষায়, রাজনীতির মাধ্যমে সমাজে বিদ্যমান আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে দেশের কল্যাণে এবং জনগণের স্বার্থ রক্ষায় কাজ করাই তার লক্ষ্য।

তিনি মনে করেন, সবার আগে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতা অক্ষুণ্ন রাখা জরুরি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে এবং সেই চেতনা লালন করে একটি আধুনিক, বাসযোগ্য ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে তিনি সম্মিলিত প্রচেষ্টা ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

তৃণমূল থেকে উঠে আসা এ তরুণ নেতা ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে চান বলে জানান।