• ঢাকা |

এবি পার্টির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২ মে: দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা


নিউজ প্রকাশের তারিখ : ১ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ডেস্ক রিপোর্ট: আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) তাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২ মে ২০২৬, শনিবার যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপন করবে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

দলটির পক্ষ থেকে জানানো হয়, শনিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। দিনের সূচনা হবে সকাল ৯টা ৩০ মিনিটে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়-৭১ চত্বর থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা।

সকাল সাড়ে ১০টায় কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে শুরু হবে প্রতিনিধি সম্মেলন। এতে দলের শাখা ও তৃণমূল পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে দলের কার্যক্রম পর্যালোচনা, সাম্প্রতিক নির্বাচন নিয়ে নীতিগত অবস্থান, জাতীয় রাজনীতির মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা বক্তব্য রাখবেন।

বিকেল ৫টায় কেক কাটার মাধ্যমে শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। এতে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং দলের শুভানুধ্যায়ীরা অংশ নেবেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. শফিকুর রহমান, এবং নাহিদ ইসলাম-সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

দিনব্যাপী কর্মসূচির সমাপনীতে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

দলটির নেতারা বলেন, ৬ বছরের পথচলায় যেসব নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী সংগঠনকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হচ্ছে। এবি পার্টি জাতীয় রাজনীতিতে একটি সম্ভাবনাময় শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেছে।