• ঢাকা |

বাছাইকৃত ডিপ্লোমা শিক্ষার্থীদের অংশগ্রহণে ছাত্রশিবিরের ‘6th Diploma Summit-2026’ অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘6th Diploma Summit-2026’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

সকাল সাড়ে ৭টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। এরপর আন-নাহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম মিয়াজীর দারসুল কুরআন এবং কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী সামিটের মূল কার্যক্রম শুরু হয়। কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শিক্ষা কারিকুলাম দীর্ঘদিন ধরে অমীমাংসিত হয়ে আছে। এখানে গবেষণার জন্য পর্যাপ্ত ল্যাব ফ্যাসিলিটিজ নেই, গবেষণাগার নেই। নেই পর্যাপ্ত ইকুইপমেন্ট। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এ বিশাল সেক্টরের সংকট নিরসনে সরকারের কোনো সদুদ্যোগও নেই।” এ সময় তিনি কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, “একটি টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার বিকল্প নেই। ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের উন্নয়ন ও উৎপাদনের অন্যতম চালিকাশক্তি। সততা, নৈতিকতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলে প্রিয় মাতৃভূমিকে এগিয়ে নেওয়ার সম্মুখসারির কারিগর হতে হবে। পাশাপাশি নিজেদের ন্যায্য অধিকার আদায় এবং কারিগরি শিক্ষার বিদ্যমান সংকট নিরসনে শিক্ষার্থীদের সজাগ ও সচেতন ভূমিকা পালন করতে হবে।”

আমন্ত্রিত অতিথি ও দায়িত্বশীলরা তাঁদের বক্তব্যে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সুন্দর ও ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণে দক্ষ প্রকৌশলী হওয়ার পাশাপাশি উত্তম চরিত্র, সময়ানুবর্তিতা ও ইসলামী শিষ্টাচারের চর্চা জরুরি। নিয়মতান্ত্রিক জীবনযাপন ও নিয়মানুবর্তিতার মাধ্যমে দেশের ইতিবাচক পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালনের জন্য তাঁরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সামিটে 'ডিপ্লোমা প্রকৌশলীদের ক্যারিয়ার ভাবনা ও জব অপরচুনিটি' শীর্ষক প্যানেল আলোচনায় আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইরফানুল হাসান সাকিব, ডুয়েটের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ, এলজিইডি (LGED)-এর সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাহিদুল হাসান, ন্যাশনাল ডিপ্লোমা ডক্টরস ফোরাম (NDDF)-এর সেক্রেটারি জেনারেল মো: এম রহমান বাপ্পি এবং এফডিইবি (FDEB) নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ , কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক নোমান হোসেন নয়ন, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক হেলাল উদ্দিন রুবেল এবং শিল্প ও সংস্কৃতি সম্পাদক জাকির হোসেন। এছাড়াও প্রকৌশলী, শিক্ষাবিদ, ইসলামিক স্কলারসহ বিভিন্ন একাডেমিশিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।