রায়পুর, (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে এক ব্যতিক্রমধর্মী ও হৃদয়স্পর্শী আয়োজনের মধ্য দিয়ে সাব-রেজিস্ট্রি অফিস জামে মসজিদের দীর্ঘদিনের খাদেমকে রাজকীয় সম্মাননায় বিদায় জানানো হয়েছে। অনুষ্ঠানে তাকে ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিদায় দেওয়া হয়, যা স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে।
জানা গেছে, প্রায় ২০ বছর ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে মসজিদের দায়িত্ব পালন করে আসছিলেন ওই খাদেম। তার এই দীর্ঘ সেবার স্বীকৃতি হিসেবে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। বিদায়ের সময় সম্মাননা হিসেবে তাকে নগদ দুই লক্ষ টাকা প্রদান করা হয়।
মসজিদের সেক্রেটারি এনামুল হকের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের খতিব, বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা আরিফ হোসেন মিয়াজি,সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য মুসল্লি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন খাদেমের প্রতি এমন সম্মান প্রদর্শন সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। দীর্ঘদিন মসজিদের সেবায় নিয়োজিত এই মানুষের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
স্থানীয়দের মতে, এমন সম্মাননা শুধু একজন ব্যক্তিকে নয়, বরং সমাজে সেবার মূল্যায়নকেই তুলে ধরে।