কূটনৈতিক প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) স্পিকার সরদার আয়াজ সাদিক।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা জানান তিনি। বেলা ১টা ৫০ মিনিটের দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের প্রতিনিধিদল। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানকে সহমর্মিতা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক।
সাক্ষাতের সময় তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে ঢাকায় আসেন দেশটির জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তসরকারি সংস্থা ও কনস্যুলারবিষয়ক) এম ফরহাদ হোসেন। পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) মো. ফসিহ উল্লাহ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ নেপাল এবং ভুটানও। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি এন ধুংগেল।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। পরে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে (শেরেবাংলা নগর চন্দ্রিমা উদ্যান) স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে খালেদা জিয়াকে সমাহিত করা হয়।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সেই সঙ্গে দেশে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।