• ঢাকা |

মঠবাড়িয়ায় ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


নিউজ প্রকাশের তারিখ : ১৪ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

জাকির হোসেন: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৪ জুন) গভীর রাতে উপজেলার বহেরাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ঢাকা থেকে ছেড়ে আসা বিএম লাইন পরিবহনের একটি নৈশকোচে বিপুল পরিমাণ ইয়াবা মঠবাড়িয়ায় আনা হচ্ছে। খবর পেয়ে বহেরাতলা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় সন্দেহজনক আচরণের কারণে মঞ্জু হাওলাদার (৫০) ও শিপন হাওলাদারকে (৪৬) আটক করা হয়। পরে তাদের দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুই ব্যক্তি উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের বাসিন্দা।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমানের তদারকিতে অভিযানটি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ও মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান থাকবে।