• ঢাকা |

ধাইনগরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান,অংশ নিলেন দুই শতাধিক মানুষ


নিউজ প্রকাশের তারিখ : ৯ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটিতলা বাজারে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাইনগর ইউনিয়ন শাখা। আজ সোমবার সকাল ১০টায় এ উদ্যোগের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমির, চাঁপাইনবাবগঞ্জ–১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শিবগঞ্জকে পরিকল্পিত নগরায়নের আওতায় এনে 'ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। পরিচ্ছন্ন বাজার, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, সুসংহত নগর পরিকল্পনা ও পরিবেশবান্ধব উদ্যোগসহ কয়েকটি অগ্রাধিকার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। ভবিষ্যতে সংসদ সদস্য নির্বাচিত হলে শিবগঞ্জকে পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে জনগণের সহযোগিতা চান ড. কেরামত আলী।
অনুষ্ঠানে উপজেলা আমির সাদিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে স্থানীয় দুই শতাধিক মানুষ অংশ নেন। বাজারের রাস্তা, ড্রেন ও আশপাশের এলাকাজুড়ে কয়েক ঘণ্টা ধরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।স্থানীয়দের অংশগ্রহণে বাজার এলাকা তাৎক্ষণিকভাবে পরিচ্ছন্ন হয়ে ওঠে, যা উপস্থিতদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।