• ঢাকা |

বার্সেলোনায় বাংলাদেশ কমিউনিটির আয়োজনে বৈশাখ উৎসব উদযাপন


নিউজ প্রকাশের তারিখ : ৩ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

শান্তা কলোমায় প্রবাসীদের মিলনমেলায় প্রাণবন্ত আয়োজন

নিজস্ব প্রতিবেদক: স্পেনের বার্সেলোনায় শান্তা কলোমা দি গ্রামানেট এলাকায় বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ)। শনিবার (২ মে) স্থানীয় কানজাম পার্কে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।

উৎসবকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ঐতিহ্যবাহী পোশাক, সংগীত, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে অংশ নেন নানা বয়সী মানুষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির উপদেষ্টা মোশারফ বেপারী ও মাসুদ হোসেন। কমিটির সভাপতি খোরশেদ আলম বাদলের নেতৃত্বে আয়োজনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আনোয়ার হোসেন, এম নাসিম, বখতিয়ার রহমান ও সুমন মোল্লাসহ কমিউনিটির নেতৃবৃন্দ। প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সহ-সভাপতি আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, প্রবাসে বসবাস করলেও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখা সবার দায়িত্ব। তিনি বলেন, “পহেলা বৈশাখ আমাদের অসাম্প্রদায়িক চেতনা ও বাঙালির ঐক্যের প্রতীক। এই ধরনের আয়োজন নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এমন সাংস্কৃতিক আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে, যাতে প্রবাসে বেড়ে ওঠা তরুণরা নিজেদের সংস্কৃতি সম্পর্কে সচেতন হতে পারে।

আয়োজকরা জানান, প্রবাসে বাংলা নববর্ষ উদযাপনের মাধ্যমে পারস্পরিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।