• ঢাকা |

বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে: বিরোধীদলীয় নেতা


নিউজ প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে ক্ষমতাসীন বিএনপি ‘গায়ের জোরে’ কাজ করছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে—এমন অভিযোগ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নিজেদের নির্বাচনি ইশতেহারও সরকার লঙ্ঘন করেছে।

রোববার (১২ এপ্রিল) সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এর মুক্তিযোদ্ধা হলরুমে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “সংসদের ভেতরে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারলে আমরা থাকব, না পারলে এক মিনিটও থাকব না।” তিনি অভিযোগ করেন, গুম, মানবাধিকার, দুদক, পুলিশ ও গণভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে বাতিল করেছে। এসবের প্রতিবাদে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় জনগণেরই হবে।” জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটে জনগণের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা উচিত। সরকার জনগণের পক্ষে কাজ করলে সহযোগিতা করা হবে, অন্যথায় আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে করণীয় নির্ধারণের লক্ষ্যেই এ মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে এবং ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, জুলাইয়ের আত্মত্যাগের পরও সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং সংস্কারের উদ্যোগ নিচ্ছে না। এ অবস্থায় শহীদ পরিবার ও আন্দোলনকারীদের মতামতের ভিত্তিতেই ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করা হবে।

সভাপতির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, “সংস্কারের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকার।” তিনি অভিযোগ করেন, সরকার রাজনৈতিক স্বার্থে ‘জুলাই’কে ব্যবহার করছে এবং আন্দোলনের সুফল ভোগ করছে, কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না। তিনি ঘোষণা দেন, জুলাই সনদ বাস্তবায়নে আবারও রাজপথে নামবে বিরোধী জোট।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সরকারের সমালোচনা করে বলেন, জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। কেউ কেউ অভিযোগ করেন, সরকার ‘নব্য ফ্যাসিবাদ’ প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের মাধ্যমে মানবাধিকার পরিস্থিতিকে দুর্বল করছে।

মতবিনিময় সভায় উপস্থিত শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারাও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, আন্দোলনের মূল লক্ষ্য ছিল ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার ঘোষণা দেন তারা।

সভা থেকে স্পষ্টভাবে জানানো হয়, সংসদে উদ্যোগ না এলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের পথে হাঁটবে ১১ দলীয় ঐক্য।