মোঃ মমিনুল ইসলাম, পার্বতীপুরঃ দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল গতকাল (১০ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে শীর্ষ নারী মাদক কারবারি শাপলা খাতুনকে মাদকসহ হাতে নাতে আটক করেছে।
জানা যায়, উপজেলার ৬নং মোমিনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের যশাই মোড় বাজার এলাকায় তার নিজস্ব দোকানে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় দোকান ও দেহ তল্লাশি করে কয়েক পাতা নিষিদ্ধ ট্যাবলেট ট্যাপেন্ডাল উদ্ধার করা হয়। পরে তাকে মাদকসহ পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত শাপলা খাতুন দীর্ঘদিন ধরে ঐ এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এর আগেও তিনি বেশ কয়েকবার গ্রেফতার ও হাজতবাস করেছেন। এলাকাবাসীর দাবি,শাপলা খাতুনের কারণে যশাই মোড় এলাকাটি দীর্ঘদিন ধরে মাদকসেবি ও মাদক বিক্রেতাদের আস্থানায় পরিণত হয়েছে। তার গ্রেফতারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা প্রশাসনের এই পদক্ষেপের প্রশংসা করেছেন।
পার্বতীপুর ডিবি পুলিশের কর্মকর্তা বলেন, মাদকবিরোধী অভিযানে এটি একটি বড় সাফল্য।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
এদিকে পার্বতীপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটক শাপলা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।