• ঢাকা |

দালালি বন্ধে দৃষ্টান্ত স্থাপন করলেন জয়পুরহাট সদরের এসিল্যান্ড


নিউজ প্রকাশের তারিখ : ২৪ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃমোরছালিন জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলা ভূমি অফিসে জমি খারিজ করতে এসে এক বৃদ্ধা বিধবা নারীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের ঘটনায় দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) রাজিব কুমার বিশ্বাস।

জানা গেছে, রওশন আরা নামে এক বৃদ্ধা নারী তার জমির খারিজ করার জন্য উপজেলা ভূমি অফিসে গেলে পাশের একটি দোকানের এক ব্যক্তি অফিস ‘ম্যানেজ’ করার অজুহাতে তার কাছে ৭ হাজার টাকা দাবি করেন, যেখানে সরকারি নির্ধারিত খরচ মাত্র ২,৩৪০ টাকা।

ঘটনাটি জানতে পেরে এসিল্যান্ড রাজিব কুমার বিশ্বাস অভিযুক্ত দোকানদারকে তলব করেন এবং কড়া ভাষায় সতর্ক করে দেন। তিনি বলেন,একজন বৃদ্ধা বিধবার কাছ থেকে এভাবে টাকা নেয়া চরম অমানবিক। এ ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, না হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরে ভূমি অফিসের সংশ্লিষ্ট স্টাফদের উদ্দেশ্য করে তিনি বলেন,আপনারা সবাই সতর্ক থাকবেন। এ ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার অফিসে কোনোভাবেই দালালি বা দুর্নীতি সহ্য করা হবে না।

সেবা নিতে আসা জনগণের উদ্দেশ্যে এসিল্যান্ড আরও বলেন,আপনারা কোনো প্রকার দালালের প্ররোচনায় না পড়ে সরাসরি অফিসে আসবেন এবং ন্যায্যভাবে সরকারি সেবা গ্রহণ করবেন।

ভুল স্বীকার করে অভিযুক্ত দোকানদার বৃদ্ধার টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন।

এ ধরনের পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা ফিরিয়ে এনেছে। স্থানীয়রা এসিল্যান্ডের এমন সাহসী ও ন্যায্য উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

দালাল-ভূত হটুক ভূমি অফিস থেকে এই প্রত্যাশাই এখন সাধারণ মানুষের।