ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনে হানাহানি ও সংঘাতের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অশোভন আচরণের অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
বহিষ্কৃতরা হলেন— বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. সৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমান। তাদের বিরুদ্ধে কাউন্সিল অধিবেশনে সহিংসতা ও দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় এই দুই নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুন অর রশিদ বলেন, “কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়েছে এবং বিজ্ঞপ্তিতে কারণও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আমি সে দিনের ঘটনাবলী নিয়ে আর মন্তব্য করতে চাই না।”
উল্লেখ্য, গত ১২ জুলাই শনিবার রাত সাড়ে ৮টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে উপজেলা বিএনপির সম্মেলনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওই ঘটনায় হামলার শিকার হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। হামলাকারীরা তখন তার গাড়িও ভাঙচুর করে।