শামীম রহমান, রাজশাহী ব্যুরো: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নিহত হওয়ার ঘটনায় রাজশাহীতে উত্তাল হয়ে উঠেছে শিক্ষাঙ্গন ও নগরী। বিক্ষুব্ধ ছাত্র–জনতার বিক্ষোভে বৃহস্পতিবার দিবাগত রাতে বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে বিশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জোহা চত্বর থেকে শুরু হওয়া মিছিলে রাকসু, ইসলামী ছাত্রশিবির এবং বিভিন্ন সংগঠনের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে অবস্থান নেয়।
জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা হাদির হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। একই সঙ্গে সমাবেশ থেকে দেশের দুটি দৈনিক পত্রিকা বন্ধের ঘোষণা এবং রাজশাহী থেকে ভারতীয় সহকারী হাইকমিশন উচ্ছেদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।
পরে ‘আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থী’ ব্যানারে রাত সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগানের মধ্যে বুলডোজার ব্যবহার করে কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রাকসু ভিপি ও রাবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রাকসুর ভিপি সালাহউদ্দিন আম্মার এবং রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল। বক্তারা হাদির হত্যাকে ‘পরিকল্পিত’ আখ্যা দিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
সমাবেশ চলাকালে শিক্ষার্থীরা ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’সহ আওয়ামী লীগ ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। গভীর রাত পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে উত্তেজনা বিরাজ করে।