ভোলায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (১ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা সদর উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে।
আটক ব্যক্তির নাম মো. মুরাদ (২৬), পিতা মো. আবুল কালাম। তিনি ভোলা পৌরসভার আলীনগর ১ নম্বর ওয়ার্ডের কাঠালি গ্রামের বাসিন্দা বলে জানাযায়।
উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম জানায়, অভিযান শেষে জব্দ করা গাঁজা ও আটক ব্যক্তিকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড দক্ষিণ জোন আরো জানায়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।স্থানীয়দের মতে, নিয়মিত অভিযান মাদকবিরোধী সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদক চোরাচালান দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।