রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের বাধা-নিষেধ আরোপ করা হয়নি বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক চিঠিতে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, মন্ত্রণালয়ের ৩০ জুলাই ২০২৬ তারিখের ১৫৪ নম্বর স্মারকমূলে রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছিল। তবে সংগঠনটির স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের বাধা-নিষেধ আরোপ করা হয়নি।
রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের পক্ষ থেকে ১৬ আগস্ট ২০২৬ তারিখে করা আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এ ব্যাখ্যা দিয়েছে।
মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়েছে, রিহ্যাবের নিয়মিত ও স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো বাধা-নিষেধ নেই। ফলে সংগঠনটির অন্যান্য সাংগঠনিক ও নিয়মিত কার্যক্রমও স্বাভাবিকভাবে পরিচালনা করা যাবে।
রিহ্যাব প্রেসিডেন্ট মনে করেন, বাণিজ্য মন্ত্রণালয়ের এই স্পষ্টীকরণের ফলে সংগঠনটির নিয়মিত কার্যক্রম নিয়ে সৃষ্ট সব ধরনের বিভ্রান্তির অবসান হবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনার মাধ্যমে আবাসন খাতের উন্নয়ন এবং সদস্যদের স্বার্থে রিহ্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে।