নিজস্ব প্রতিবেদক: বাংলা বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে সর্বস্তরে বাংলা সন-তারিখ ব্যবহার বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন বক্তারা।
৩০ চৈত্র / ১৩ এপ্রিল, ‘সর্বস্তরে বাংলা সন-তারিখ ব্যবহার বাধ্যতামূলককরণ' শীর্ষক মতবিনিময় ও প্রচারাভিযানের আয়োজন করে আমরা বাংলার সন্তান (আবাস)।
ফতেমা ল কলেজ মিলনায়তনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় এবং ডা. ম আ আ মুক্তাদীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে বক্তব্য রাখেন ড. মোমতাজ উদ্দিন আহমেদ, অধ্যক্ষ লুৎফুল আহসান বাবু, কবি সৈয়দ নাজমুল আহসান, অ্যাডভোকেট রোটারিয়ান আলেয়া আক্তার লাকী, কবি ও ছড়াকার ফরিদ সাঈদ, ছোটগল্পকার হাসান আক্তার, সাংবাদিক আজিম উদ্দিন, মো: লুৎফুল খাবির ফয়সাল, মো: সাহলা উদ্দিন, কবি শাহজাহান সেলিম ও চিত্রশিল্পী রোকসানা।
বক্তারা বলেন, “বাংলার জন্য বাংলাদেশ, অথচ বাংলাদেশেই বাংলা সন-তারিখ উপেক্ষিত। যা সত্যি দুঃখজনক। আমাদের সকল কাজকর্মে যেখানে তারিখ প্রয়োজন, সেখানে অবশ্যই বাংলা সন-তারিখ ব্যবহার করা উচিত। এ বিষয়ে সকল বাংলা প্রেমিকদের জনমত গড়ে তোলা এবং নিজেদেরও ব্যবহার শুরু করা প্রয়োজন।”
বক্তারা অবিলম্বে সর্বস্তরে বাংলা সন-তারিখ ব্যবহার বাধ্যতামূলক করতে সরকারি আদেশ জারির জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ জানান।