• ঢাকা |

হাঁটু পানিতে নবাব সলিমুল্লাহর কবর, মুসলিম লীগের ক্ষোভ


নিউজ প্রকাশের তারিখ : ৭ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

১৫৪তম জন্মবার্ষিকীতে মুসলিম লীগের অভিযোগ—জাতির মহান এই নেতার প্রতি অবহেলা লজ্জাজনক

ডেস্ক রিপোর্ট: আধুনিক ঢাকার রূপকার, উপমহাদেশের মুসলিম রাজনীতির অন্যতম পথিকৃৎ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা নবাব স্যার সলিমুল্লাহর কবর দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ মুসলিম লীগ। দলটির নেতারা বলেছেন, রাজধানীর বেগমবাজারে অবস্থিত নবাব পরিবারের পারিবারিক কবরস্থানে তাঁর কবর বর্তমানে হাঁটু পানিতে নিমজ্জিত, যা জাতি ও রাষ্ট্রের জন্য লজ্জার বিষয়।

শনিবার (৭ জুন) নবাব স্যার সলিমুল্লাহর ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের।

তিনি বলেন, নিপীড়িত বাঙালি মুসলমানদের মুক্তি, উচ্চশিক্ষার প্রসার, আধুনিক ঢাকা নির্মাণ এবং ভারত বিভক্তির রাজনৈতিক আন্দোলনে নেতৃত্বদানের মতো ঐতিহাসিক অবদানের পরও নবাব সলিমুল্লাহ আজ উপেক্ষিত ও অবহেলিত। জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করা এই মহান ব্যক্তিত্বের কবর আজ পানিতে ডুবে রয়েছে, যা রাষ্ট্রের দায়িত্বহীনতার প্রতীক।

কাজী আবুল খায়ের অবিলম্বে নবাব সলিমুল্লাহর কবর সংস্কার, সংরক্ষণ এবং স্থানটিকে ঐতিহাসিক নিদর্শন হিসেবে রক্ষায় প্রয়োজনীয় সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের সহ-সভাপতি সৈয়দ আব্দুল হান্নান নূর ও নজরুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব কাজী এ.এ. কাফী, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ওসমান গনি, শফিকুল ইসলাম জাবেদ, আব্দুল আলিম, নবাব পরিবারের সদস্য খাজা ইমরান, জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী এহছান, সদস্য সচিব ড. নাবিল, নবাব সলিমুল্লাহ একাডেমির সভাপতি আব্দুল জব্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।