২০ টনের সেতুতে অতিরিক্ত বোঝাই ট্রাক ওঠায় দুর্ঘটনা, দ্রুত উদ্ধারকাজ চলছে
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা ইউনিয়নের দেবীপুর এলাকায় একটি বেইলি ব্রিজ ধসে আলুবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া, পাথরঘাটা, ঢাকা, বরিশাল ও খুলনাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও তাঁর সহকারী পলাতক রয়েছেন।
বুধবার (১০ জুন) ভোর প্রায় ৩টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের দেবীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে আলুবোঝাই ট্রাকটি মঠবাড়িয়ার উদ্দেশ্যে আসছিল। দেবীপুর এলাকায় বেইলি ব্রিজটি পার হওয়ার সময় হঠাৎ ব্রিজটি ধসে পড়ে এবং ট্রাকটি খালে পড়ে যায়। এর ফলে সড়কটিতে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দেবীপুরসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের জন্য ব্রিজটি ছিল যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। ব্রিজটি ভেঙে পড়ায় মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপসহ বিভিন্ন যানবাহনের চালক ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিকল্প সড়ক ব্যবহার করতে হওয়ায় সময় ও যাতায়াত ব্যয় দুটোই বেড়ে গেছে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার জানান, ঢাকা-পাথরঘাটা মহাসড়কের বেইলি ব্রিজটির ধারণক্ষমতা ছিল ২০ মেট্রিক টন। তবে আলুবোঝাই ট্রাকটির ওজন নির্ধারিত সীমার চেয়ে বেশি হওয়ায় ব্রিজটি ধসে পড়েছে।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল বলেন, "ব্রিজটি ভেঙে পড়ার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত ট্রাকটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে কখন নাগাদ সড়কটি চালু হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।"