বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার শেরেবাংলা নগর এলাকায় একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে চিকিৎসক পরিচয় ব্যবহার ও বিভিন্ন অনিয়মের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর এলাকার চৌধুরী ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে দেখা যায়, শুধুমাত্র ডিএমএফ (DMF) কোর্স সম্পন্ন করেও মো. মহিদুর রহমান চৌধুরী (রুমন) ও মো. মতিউর রহমান চৌধুরী (রুম্মান) দীর্ঘদিন ধরে নিজেদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে আসছিলেন। স্থানীয়দের কাছে তারা চিকিৎসক হিসেবে পরিচিত হওয়ায় সাধারণ রোগীরা বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছিলেন।
এ সময় ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধও জব্দ করা হয়।
অভিযানের সময় অভিযুক্তরা অভিযোগের সত্যতা স্বীকার করলে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী চৌধুরী ফার্মেসিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার অঙ্গীকার করেন তারা।
অভিযানে র্যাব-১২ এবং জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।