দায়ীদের শাস্তি ও পরিবহন খাতে জবাবদিহি নিশ্চিতের দাবি
নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন মানুষের প্রাণহানি ও কমপক্ষে ৩০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এক যৌথ শোকবার্তায় তাঁরা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
নেতৃদ্বয় বলেন, গণপরিবহনে দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনার কারণে মানুষের জীবন বিপন্ন হওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যাত্রীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বাসটির চালক ও হেলপার পেছনের আসনে ঘুমাচ্ছিলেন এবং সুপারভাইজার বাস চালাচ্ছিলেন। অভিযোগটি সত্য হলে তা পরিবহন ব্যবস্থাপনার গুরুতর অবহেলা ও নিরাপত্তা তদারকির দুর্বলতাকে সামনে নিয়ে আসে।
তাঁরা বলেন, সড়ক দুর্ঘটনাকে কেবল দুর্ঘটনা হিসেবে বিবেচনা করে দায় এড়ানোর সুযোগ নেই। প্রতিটি প্রাণহানির ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের আইনের আওতায় আনা এবং পরিবহন খাতে জবাবদিহি নিশ্চিত করা জরুরি। ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি আহতদের সুচিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উপযুক্ত সহায়তা নিশ্চিত করতে হবে।
এবি পার্টির নেতৃদ্বয় আরও বলেন, সড়কে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। চালকের পর্যাপ্ত বিশ্রাম, বৈধ লাইসেন্স, প্রশিক্ষণ এবং গণপরিবহনে নিরাপদ চালনা নিশ্চিত করতে কার্যকর নজরদারি ও আইন প্রয়োগ জরুরি। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।