• ঢাকা |

নড়াইলে আড়াই হাজার কেজি পলিথিন জব্দ করে   ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা


নিউজ প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় আড়াই হাজার কেজি পলিথিন জব্দ ও  নিষিদ্ধ পলিথিন রাখার অভিযোগে ইমরান হোসেন নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ভ্রামমান আদালত জরিমানার পাশাপাশি পলিথিন জব্দ করে তা ধ্বংসের আদেশ দেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সদরের আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী (সড়াতলা) গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান। 

অর্থদণ্ডপ্রাপ্ত ইমরান হোসেন উপজেলার সড়াতলা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বুড়িখালি ইট ভাটা এলাকায় এক ভাড়া বাসায় অভিযান চালায় নড়াইল সদর সেনা ক্যাম্প। অভিযোগ ছিলো দীর্ঘ দিন ধরে নিষিদ্ধ পলিথিন অবৈধভাবে মজুদ করে খুচরা বাজারে সরবরাহ করে আসছিলো ইমরান হোসেন নামের এক ব্যবসায়ী । এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ঘর ভর্তি বিভিন্ন আকৃতির বস্তা ভর্তি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরবর্তীতে বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল ও পরিবেশ অধিদফতরের একটি দল অভিযানে যোগ দেয়। জব্দ করা হয় প্রায় আড়াই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। পরে জব্দকৃত পলিথিন ধ্বংস করা হয়।

 ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার মো. বদিউজ্জামান বলেন, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমান পলিথিন জব্দ করা হয়। পরে পলিথিন ব্যবহার অনুপযোগী করে ধ্বংসের নির্দেশ দেয়া হয়। নিষিদ্ধ পলিথিন সংরক্ষণের দায়ে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।