মো. ইসমাইল হোসেন, দিনাজপুর: বাংলাদেশ রেলওয়ে সরকারি কর্মচারী সমন্বয় ফোরাম, দিনাজপুর-এর উদ্যোগে (২৯ নভেম্বর ২০২৫ শনিবার) দিনাজপুর রেলওয়ে প্লাটফর্মে ৯ম পে-স্কেল বাস্তবায়ন ও বৈষম্য নিরসনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মচারীরা তাদের বক্তব্যে দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। তারা অভিযোগ করেন যে, পে-স্কেল বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা ও প্রহসন চলছে, যার প্রতিবাদে তারা মাঠে নামতে বাধ্য হয়েছেন। কর্মচারীরা আগামী ১৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে পে-স্কেল কার্যকর এবং বৈষম্য দূর করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন।
উচ্চমান সহকারী মোঃ সোহেল রানা এবং অফিস সহকারী মোঃ এমরান হোসেন (প্রকউশল শাখা দিনাজপুর) -এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন- দিনাজপুর রেলওয়ে স্টেশন মাস্টার ফারহানা আক্তার জলি, এফ এ এস বি এ (প্রাক্তন) মোঃ সিরাজুল হক, প্রাক্তন টাইম কিপার আব্দুর রউফ খান, এমএস মোঃ রেদোয়ান আলী মামুন, অফিস সহকারী সজীব কুমার দাস, ইলেকট্রিশিয়ান মিয়া জাহান মানিক, সহকারী কার্পেন্টার রীনা পারভীন, সহ অন্যান্য রেলওয়ে কর্মচারীগণ।
বিক্ষোভকারীরা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সমাবেশ শেষে কর্মচারীরা রেলওয়ে স্টেশন এলাকায় একটি বিক্ষোভ মিছিল করেন।