• ঢাকা |

ঈদের দিনে মা-বাবা হারানো পিরোজপুরের এতিম শিশুর পাশে প্রশাসন ও এমপি মাসুদ সাঈদী


নিউজ প্রকাশের তারিখ : ৫ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

১৫ লক্ষাধিক টাকার আর্থিক সহায়তা পাচ্ছে শিশু রহমত

জাকির হোসেন: পবিত্র ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় মা-বাবাকে হারিয়ে এতিম হওয়া পিরোজপুরের শিশু রহমতের পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। শিশুটির ভবিষ্যৎ সুরক্ষায় তিনি ১৫ লাখ টাকার সরকারি আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি রহমতের পড়াশোনাসহ জীবনের সার্বিক দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

দুর্ঘটনায় বাবা-মাকে হারিয়ে অসহায় হয়ে পড়া রহমতের সঙ্গে দেখা করতে গিয়ে এমপি মাসুদ সাঈদী তাকে কোলে তুলে নেন এবং স্নেহভরে বুকে জড়িয়ে ধরেন। ঈদের আনন্দঘন দিনে এমন মর্মান্তিক ঘটনায় শোকাহত শিশুটিকে সান্ত্বনা দিতে গিয়ে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় তিনি ঘোষণা দেন, সরকারি তহবিল থেকে রহমতের জন্য ১৫ লাখ টাকার আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। পাশাপাশি শিশুটির শিক্ষা, লালন-পালন এবং ভবিষ্যৎ জীবন গঠনের প্রয়োজনীয় সব দায়িত্ব তিনি ব্যক্তিগতভাবে তদারকি করবেন।

মাসুদ সাঈদী বলেন, “ঈদের দিনে মা-বাবাকে হারিয়ে রহমত আজ একা হয়ে যায়নি। আমরা সবাই ওর পাশে আছি। ওর পড়াশোনা, বেড়ে ওঠা এবং ভবিষ্যতের সার্বিক দায়িত্ব আমরা নিশ্চিত করব। কোনো অবস্থাতেই ও যেন নিজেকে অসহায় মনে না করে।”

সংসদ সদস্যের এই মানবিক উদ্যোগে রহমতের স্বজন ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার এ উদ্যোগ ব্যাপক প্রশংসিত হচ্ছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও শিশুটির সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে বলে জানা গেছে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত সহযোগিতায় রহমতের ভবিষ্যৎ নিরাপদ ও সুন্দর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।