• ঢাকা |

রাজনীতিতে শিষ্টাচার শুধু বিএনপির মধ্যেই আছে: আমিনুল হক


নিউজ প্রকাশের তারিখ : ১৭ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র 'জুলাই পদযাত্রা'য় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, “রাজনীতিতে শিষ্টাচার একমাত্র বিএনপির মধ্যেই রয়েছে।”

বুধবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর পল্লবী থানাধীন ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমিনুল হক বলেন, “গোপালগঞ্জে ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন। বিএনপি বরাবরই রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সম্মান রেখে কথা বলে। কিন্তু কিছু নতুন রাজনৈতিক দল ও তথাকথিত ইসলামি দলের আচরণে শালীনতা ও শিষ্টাচারের ঘাটতি স্পষ্ট। এসব দলের কার্যকলাপে সাধারণ মানুষও বিভ্রান্ত ও ক্ষুব্ধ।”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বর্তমান শাসকগোষ্ঠী আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। এর উদ্দেশ্য একটাই—আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানো বা পিছিয়ে দেওয়া।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারী মানসিকতা নিয়ে যারা রাজনীতি করে, তারা গণতন্ত্র ও মানুষের অধিকারকে ভয় পায়। অথচ বিএনপি স্পষ্টভাবে জানিয়ে দেয়—অন্যায় ও অবিচারের বিরুদ্ধে অবস্থান নেওয়াই আমাদের রাজনৈতিক নীতি। ক্ষমতায় গেলে আমরা প্রতিশোধ নয়, ন্যায়ের পথে হাঁটব।”

তারেক রহমান সম্পর্কে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে আমিনুল হক বলেন, “তার নেতৃত্বে বিগত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম চলছে। তার নেতৃত্বগুণ ও রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে কথা বলার আগে জানা উচিত, কীভাবে তিনি একটি দলকে সুসংগঠিত করে রেখেছেন।”

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “বিএনপি বিশ্বাস করে—জনগণই সকল ক্ষমতার উৎস। কোনো নেতাকর্মীর কারণে যদি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

সভায় তিনি জানান, ১৮ জুলাই বিকেল ৩টায় মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শেওড়াপাড়ায় গিয়ে শেষ হবে বিএনপির ‘মৌন মিছিল’। এছাড়া ১ আগস্ট উত্তরা পলওয়েল মার্কেটের সামনে জনসভা এবং ৬ আগস্ট বিজয় র‌্যালি কর্মসূচির কথাও তিনি ঘোষণা করেন।

মাদকের বিরুদ্ধে অবস্থান জানিয়ে আমিনুল হক বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এখনই সর্বোচ্চ সতর্ক হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন:
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান (সভাপতিত্বে), সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহ্বায়কগণ মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, মোঃ আক্তার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মোঃ আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহআলম, মাহাবুব আলম মন্টু, কামাল জামান মোল্লাসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।