• ঢাকা |

বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সম্মিলিত দায়িত্বের আহ্বান


নিউজ প্রকাশের তারিখ : ১১ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী: পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাউফলের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে বাউফল উপজেলার বিলবিলাম আবদুর রশিদ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “মানুষের জীবনে সফলতার মূল চাবিকাঠি হচ্ছে পরিশ্রম। যে যত বেশি পরিশ্রম করবে, সে তত বেশি সফল হবে।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ গড়ে তুলতে শারীরিক শিক্ষা বা পিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে এমপি বলেন, স্কুল মাঠে বালু ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। বগা সেতু নির্মাণসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নের জন্য সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় দাবি উত্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া পটুয়াখালীতে বিমানবন্দর স্থাপন এবং বাউফলে আদালত প্রতিষ্ঠার দাবিও সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে তুলে ধরেছেন বলে উল্লেখ করেন।

মাদকবিরোধী অবস্থানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে। “মাদকের উৎস অনেকাংশে কমেছে, ভবিষ্যতে এটি সম্পূর্ণ নির্মূল করা সম্ভব,”—যোগ করেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, বাউফল সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুস সোবহান, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, অ্যাডভোকেট আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।