• ঢাকা |

টেকসই উৎকর্ষতার রোডম্যাপ প্রণয়নে শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও শিল্পখাতের প্রতিনিধিদের মিলনমেলা


নিউজ প্রকাশের তারিখ : ১১ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

উচ্চশিক্ষা রূপান্তরে ইউজিসির জাতীয় কর্মশালা কাল


এম এম রহমাতুল্লাহ: দেশের উচ্চশিক্ষাকে যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও টেকসই করার লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আগামীকাল মঙ্গলবার রাজধানীতে দিনব্যাপী জাতীয় কর্মশালার আয়োজন করেছে। “বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ (Transforming Higher Education in Bangladesh: Roadmap to Sustainable Excellence)” শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।
সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মশালার উদ্বোধন করবেন। এতে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিল্পখাতের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীরা অংশ নেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
উদ্বোধনী পর্ব শেষে পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে গ্রাজুয়েটদের কর্মসংস্থানযোগ্যতা, সফট স্কিল উন্নয়ন ও চাহিদাভিত্তিক শিক্ষা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা ও বৈশ্বিক প্রতিযোগিতা, ডিজিটাল রূপান্তর, ডিজিটাল সাক্ষরতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, গবেষণায় উৎকর্ষতা ও আন্তর্জাতিকীকরণ, গভর্ন্যান্স, মান নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে বিশদ আলোচনা হবে।
আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে দেশের উচ্চশিক্ষা খাতে বাস্তবায়নযোগ্য নীতিগত পথনকশা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে ইউজিসি।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, “উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে এটি উচ্চশিক্ষা নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনা নির্ধারণেও সহায়ক হবে।”
দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ নি ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম বদরুজ্জামান, নর্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. আখতার হোসেন খান।