• ঢাকা |

ভিএআরে বাঁচল ব্রাজিল, নরওয়ের শুরুতেই বাতিল হলো গোল


নিউজ প্রকাশের তারিখ : ৬ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ম্যাচের শুরুতেই বড় ধরনের চাপে পড়েছিল ব্রাজিল। প্রথম দিকের দাপুটে ফুটবলে নরওয়ে গোলও আদায় করে নিয়েছিল বলে মনে হলেও, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর সিদ্ধান্তে সেই গোল বাতিল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় নরওয়ে। প্রথম ১৫ মিনিটে বলের দখল ছিল প্রায় ৭০ শতাংশ তাদের কাছে। এই সময়ে কার্লো আনচেলত্তির শিষ্যদের নিজেদের অর্ধেই আটকে রাখে ইউরোপের দলটি।

নরওয়ের আধিপত্যের প্রতিফলন দেখা যায় ম্যাচের শুরুতেই। আলেকজান্ডার শরলথের বাড়ানো বল থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্রাজিলের জালে বল জড়ান স্যান্ডার বার্গ। তবে গোল উদ্‌যাপনের মুহূর্তেই ভিএআরের হস্তক্ষেপে বদলে যায় দৃশ্যপট। রিপ্লেতে দেখা যায়, ক্রস দেওয়ার আগে অফসাইডে অবস্থান করছিলেন শরলথ। ফলে গোলটি বাতিল ঘোষণা করেন রেফারি এবং গোলশূন্য অবস্থাতেই রক্ষা পায় ব্রাজিল।

ম্যাচটি ব্রাজিলের জন্য ঐতিহাসিক গুরুত্বও বহন করছে। কারণ, নরওয়ের বিপক্ষে এখনো কোনো জয়ের স্বাদ পায়নি দক্ষিণ আমেরিকার দলটি। দুই দলের আগের চার মুখোমুখি লড়াইয়ে দুটি ম্যাচে জয় পেয়েছে নরওয়ে, আর বাকি দুটি শেষ হয়েছে ড্রয়ে। সর্বশেষ ২০০৬ সালে তাদের দেখা হয়েছিল, সেই ম্যাচও ১-১ গোলের সমতায় শেষ হয়েছিল।

এবারের লড়াইয়ে শুরুতেই নরওয়ের তীব্র চাপ এবং ভিএআরে বাতিল হওয়া গোল ম্যাচটিকে নতুন মাত্রা দিয়েছে। ইতিহাস বদলাতে ব্রাজিল কতটা সফল হয়, সেটিই এখন ফুটবলপ্রেমীদের প্রধান আগ্রহের বিষয়।