• ঢাকা |

চবিতে ছদ্মবেশে হিজাব পরা বহিরাগত যুবক আটক: ডিভাইসে মেলে চাঞ্চল্যকর তথ্য


নিউজ প্রকাশের তারিখ : ২৯ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দিদারুল ইসলাম শুভ (২৬) নামে এক বহিরাগত যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। তার বাড়ি ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলায়।

শুভ নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং গোপনে তাদের অশ্লীল ভিডিও ধারণ করত। তার ল্যাপটপ ও মোবাইল তল্লাশি করে প্রশাসন ভিডিও কলের রেকর্ডসহ আইন পরিপন্থী একাধিক আলামত উদ্ধার করে। পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা যায়, চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে সে আগস্টের পর থেকে হিজাব পরে ছদ্মবেশে বিশ্ববিদ্যালয় এলাকায় আশ্রয় নেয়। পার্শ্ববর্তী রেলক্রসিং এলাকায় অবস্থান করে সে নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল।

আটকের পর তার ডিভাইস পরীক্ষা করে অন্তত ১০-১২ জন নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও, হাজারেরও বেশি আপত্তিকর ছবি ও ভিডিও এবং জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন জালিয়াতির প্রমাণ পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, ‘একজন ছাত্রীকে হল থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগের ভিত্তিতে আমরা তাকে আটক করি। পরে তার ডিভাইস যাচাই করে নানা চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। সে দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত বলেও প্রমাণ মিলেছে। তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা যায়, শুভ ছাত্রলীগ ও আওয়ামী লীগের একাধিক গোপন অনলাইন গ্রুপের সদস্য ছিল। এসব গ্রুপে রাষ্ট্রবিরোধী, বিভ্রান্তিকর এবং উসকানিমূলক প্রোপাগান্ডা ছড়ানো হতো। ‘হৃদয়ে ৭১’ নামের একটি গোপন গ্রুপ থেকে সরকারের বিরুদ্ধে ‘উৎখাতের’ পরিকল্পনার কথাও পাওয়া যায়।

সেই বার্তায় লেখা ছিল:‘আগামী মাসের ২০ তারিখ পর্যন্ত সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ রইলো। প্রশাসনের নজর থেকে নিজেকে যতটা বাঁচিয়ে রাখা যায়, সবাইকে সাবধান করে দিন। অবৈধ সরকারকে উৎখাতে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী মাসে ১১ দিন যেকোনো দিন যেকোনো সময় কর্মসূচি দিতে পারে...’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শুভকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তদন্তে তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও সংগঠনের সম্পৃক্ততা পেলে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।