ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য দেলাওয়ার হোসেন বলেছেন, “যে রাজনৈতিক দল জামায়াতের সাথে জোট করে নির্বাচনে যাবে, তাদের বিজয়ী করার দায়িত্বও জামায়াতের।”
বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে আয়োজিত ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেলাওয়ার হোসেন বলেন, দেশের জনগণ আজ পরিবর্তন চায়। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াত সবসময় জনগণের পাশে আছে। তাই যে কোনো জোটবদ্ধ প্রার্থীকে নির্বাচিত করতে জামায়াত সর্বাত্মক সহযোগিতা করবে।
চলমান রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন,
"আমাদের নানা ধরনের চোখ রাঙানি দেখানো হচ্ছে। কিন্তু আমরা বেলালের উত্তরসূরি। যারা হাসিমুখে ফাঁসির মঞ্চে লড়াই করতে পারে, তাদের ভয় দেখিয়ে দমন করা যাবে না। আমরা কোনো সন্ত্রাসীকে ভয় পাই না।"
তিনি আগামী জাতীয় নির্বাচন ঘিরে "জুলাই সনদ" প্রসঙ্গে বলেন,
"নির্বাচনের সুষ্ঠু ও সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। এই সনদকে পাশ কাটিয়ে নির্বাচন করতে চাইলে দেশের জনগণ তা মেনে নেবে না এবং সে নির্বাচনও হতে দেবে না।"
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,
"দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত, টেন্ডারবাজ ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে দাড়িপাল্লার প্রতীকে ভোট চাইতে হবে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জনগণের কাছে পৌঁছে দিতে হবে।"
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদসহ দলীয় নেতাকর্মীরা।