• ঢাকা |

সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতের সিদ্ধান্তে ছাত্রশিবিরের নিন্দা


নিউজ প্রকাশের তারিখ : ২০ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল’ পাসের মাধ্যমে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় বাতিলের সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২০ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী বিচার বিভাগ ছিল জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা। তাদের দাবি, বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫’-এর মাধ্যমে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার যে পথ উন্মুক্ত হয়েছিল, সংসদে নতুন বিল পাসের মাধ্যমে তা বাধাগ্রস্ত হয়েছে।

তারা অভিযোগ করেন, বিচার বিভাগকে পুনরায় আইন মন্ত্রণালয়ের অধীনে ফিরিয়ে নেওয়ার এই পদক্ষেপ বিচার ব্যবস্থায় নির্বাহী বিভাগের হস্তক্ষেপ বাড়াবে এবং আদালতকে দলীয় প্রভাবাধীন প্রতিষ্ঠানে পরিণত করার আশঙ্কা তৈরি করবে।

ছাত্রশিবির নেতারা আরও বলেন, বিচারকদের প্রশাসনিক নিয়ন্ত্রণ, বদলি ও নিয়োগের ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে ন্যস্ত করা হলে দেশে আবারও স্বৈরতান্ত্রিক প্রবণতা জোরদার হতে পারে। অতীতে আদালতকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে গুম, খুন, ক্রসফায়ার ও রাজনৈতিক নিপীড়নের মতো ঘটনাকে বৈধতা দেওয়া হয়েছিল বলেও তারা উল্লেখ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, স্বাধীন বিচার বিভাগকে সীমাবদ্ধ করার এ উদ্যোগ দেশের জনগণের প্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কারের ঘোষিত রূপরেখার পরিপন্থী। নেতৃবৃন্দের ভাষ্য, জনগণের ম্যান্ডেট উপেক্ষা করে নেওয়া এ সিদ্ধান্ত জুলাই অভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

সরকারকে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে স্বাধীন সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্বহালের দাবি জানিয়ে ছাত্রশিবির নেতারা বলেন, অন্যথায় বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় ছাত্র-জনতা গণপ্রতিরোধ গড়ে তুলবে।