স্পোর্টস ডেস্ক: নান্দনিক ফুটবলের চেয়ে লড়াই, শরীরি সংঘর্ষ আর ধৈর্যের পরীক্ষাই হয়ে উঠেছিল ম্যাচের মূল চিত্র। প্যারাগুয়ের কঠোর রক্ষণাত্মক কৌশল ও আক্রমণাত্মক শারীরিক ফুটবলের বিরুদ্ধে দীর্ঘ সময় ভুগলেও শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে জয় তুলে নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। গত পরশু রাতে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে গত আসরের রানার্সআপরা।
প্রচণ্ড গরমে, প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ফ্রান্সের গতিময় আক্রমণকে কার্যত স্তব্ধ করে দেয় প্যারাগুয়ে। পাঁচ ডিফেন্ডারের ঘন রক্ষণ, নিয়মিত শরীরি চ্যালেঞ্জ এবং প্রতিটি বলের জন্য কঠিন লড়াইয়ে ফরাসি ফুটবলারদের ছন্দ নষ্ট করে দেয় লাতিন আমেরিকার দলটি। প্রথমার্ধে দুই দলের কেউই লক্ষ্যে কোনো শট নিতে পারেনি। মাঠজুড়ে ছিল ট্যাকল, ধাক্কাধাক্কি, বাকবিতণ্ডা এবং উত্তেজনা। ম্যাচের চারটি হলুদ কার্ডের তিনটিই দেখতে হয় ফরাসি ফুটবলারদের।
বিরতির পরও দীর্ঘ সময় সমানতালে প্রতিরোধ গড়ে তোলে প্যারাগুয়ে। তবে ৭০তম মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। ফ্রান্সের তরুণ ফরোয়ার্ড দেজিরে দুয়েকে পেনাল্টি বক্সের ভেতরে ফাউল করেন দিয়েগো গোমেজ। ভিএআরের সহায়তায় রিপ্লে দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে নিখুঁত শটে বল জালে জড়িয়ে ফ্রান্সকে এগিয়ে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
এবারের বিশ্বকাপে এটি এমবাপ্পের সপ্তম এবং বিশ্বকাপ ক্যারিয়ারের ১৯তম গোল। এই গোলের মাধ্যমে তিনি গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির সমতায় পৌঁছে যান। যোগ করা সময়ে আরও দুটি সুযোগ পেলেও প্যারাগুয়ের গোলরক্ষক অরলান্দো গিল দুর্দান্ত সেভে এমবাপ্পেকে দ্বিতীয় গোল থেকে বঞ্চিত করেন।
ম্যাচ শেষে প্রতিপক্ষের কড়া শারীরিক ফুটবল নিয়ে এমবাপ্পে বলেন, “আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। প্রয়োজন হলে আমরাও কঠিন পথ বেছে নিতে পারি। কুৎসিত ফুটবল খেলতেও আমরা প্রস্তুত ছিলাম। ওরা ভেবেছিল আমরা শুধু সুন্দর ফুটবল খেলব, কিন্তু পরিস্থিতি অনুযায়ী নিজেদের বদলাতে আমরা জানি। সেই লড়াইয়েও আমরা ওদের চেয়ে ভালো ছিলাম।”
এদিকে শেষ আটে ফ্রান্সের প্রতিপক্ষ হবে মরক্কো। গত পরশু রাতের আরেকটি শেষ ষোলোর ম্যাচে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আশরাফ হাকিমির দল। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মরক্কোর। এবার সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে আটলাসের সিংহরা।
আগামী বৃহস্পতিবার বোস্টনে অনুষ্ঠিতব্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন দুই ঘনিষ্ঠ বন্ধু—ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে এবং মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি। দুই তারকার এই বহুল প্রতীক্ষিত লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।