কালীগঞ্জ সংবাদদাতা: গাজীপুরের কালীগঞ্জে এক অসহায় ব্যক্তির কষ্ট দূর করতে নতুন ঘর ও একটি ছাগল উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় পৌরসভার বালীগাঁও এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও গাজীপুর মহানগরের নায়েবে আমির মো. খায়রু হাসান।
স্থানীয় সূত্র জানায়, বালীগাঁও এলাকার বাসিন্দা মো. হানিফার পুরোনো ঘরটি একেবারে থাকার অনুপযোগী হয়ে গিয়েছিল। একটু বৃষ্টি হলেই চাল দিয়ে পানি পড়ত এবং ঘরের মেঝে ভেসে যেত। তাঁর এই কষ্ট দেখে জামায়াতের পক্ষ থেকে একটি সুন্দর নতুন ঘর বানিয়ে দেওয়া হয়। এছাড়া কাজ করতে না পারা হানিফা যেন আয়-রোজগার করতে পারেন, সেজন্য তাঁকে একটি ছাগলও দেওয়া হয়। সব মিলিয়ে এতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মো. খায়রু হাসান বলেন, "মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণ করা সরকারের কাজ। কিন্তু সরকার বদলালেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।"
তিনি আরও বলেন, "জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশ থেকে দুর্নীতি ও বৈষম্য দূর করতে কাজ করবে। মানুষের কল্যাণে আমাদের এই সাহায্য-সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে স্থানীয় জামায়াতের বিভিন্ন নেতা-কর্মী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।